বন্যার ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্থদের পথ অবরোধ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বন্যায় ক্ষতিগ্রস্থ আদিবাসীরা।
জানা গিয়েছে, গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে তপন থানার ভিখাহার এলাকার আদিবাসীরা। এদিন তপনের লক্ষ্মী-নারায়নপুর ঘটিকাপুর ও কুলাহার সহ দশ-বারোটি গ্রামের মানুষজন ধামসা-মাদল বাজিয়ে তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের ভয়াবহ বন্যায় তাঁদের এলাকার ঘরবাড়ি ও ফসল ভেসে গেলেও আজ অবধি তাঁরা এক পয়সাও ক্ষতিপূরণ পাননি। তাদের দাবী ক্ষতিপূরণের টাকা না দেওয়া হলে পঞ্চায়েত ভোট বয়কট করবেন তারা। এদিন দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে ঐ রুটে আটকে পরে যাত্রীবাহী বাস, মিনিবাস ও অন্যান্য যানবাহন। পরে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এবিষয়ে গ্রামবাসী বিপুল রায় ও সুশীলা রায় অভিযোগ করে বলেন, বন্যায় যে ক্ষতি হয়েছে, তার দরখাস্ত করেছেন মেম্বারের কাছে। কিন্তু কোনো প্রকার ক্ষতিপূরণ না পাওয়ায় তারা পথ অবরোধ করেছেন। তাদের দাবী তাদের ক্ষতিপূরণের টাকা না দেওয়া হলে পঞ্চায়েত ভোট বয়কট করবেন।